Published : 21 Apr 2026, 01:06 AM
বিদেশের মাটিতে নতুন মাইলফলক ছুঁলো ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি ৩ লক্ষ ৬১ হাজার ডলার আয় করেছে। উত্তর আমেরিকার সিনেমা বাজারে বাংলাদেশি সিনেমার মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ এখন বক্স অফিসের রাজা। এই সাফল্য উদ্যাপন করে পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি বিদেশে ঢালিউডের বাজারকে নতুন করে জাগিয়ে তুলেছিল। প্রবাসী বাঙালিরা তখন সিনেমা দুটির টিকিট পাওয়ার জন্য রীতিমতো হন্যে হয়ে ঘুরছিলেন, অগ্রিম বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছিল। তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ‘হাওয়া’। পরিবেশক সূত্র জানায়, ২০২২ সাল থেকে উত্তর আমেরিকার বাজারে সর্বোচ্চ আয়ের সিনেমা ছিল মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, যা ৩ লক্ষ ৫৮ হাজার ডলার আয় করেছিল।
তবে ‘বনলতা এক্সপ্রেস’-এর দাপটে ছবিটি এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন শরীফুল রাজ ও নাজিফা তুষি। তৃতীয় স্থানে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। ছবিটি শুধু দেশের বক্স অফিসেই নয়, বিদেশের বাঙালি দর্শকদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছিল। সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ১ লক্ষ ৮৯ হাজার ডলার আয় করে। এই সিনেমায় শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছিলেন বিদ্যা সিনহা মিম। চতুর্থ স্থানে রয়েছে তানিম নূরের আরেকটি সিনেমা ‘উৎসব’। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমাটি ১ লক্ষ ৭৭ হাজার ডলার আয় করেছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, এছাড়াও অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসানসহ আরও অনেকে। আরও পড়ুন: বিশ্বজুড়ে বাংলা সিনেমার বিস্তার, ০৬ নভেম্বর ২০২৫। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারকে উত্তর আমেরিকার সিনেমার বাজার হিসেবে ধরা হয়। এই বাজারে আয়ের শীর্ষে থাকা প্রথম পাঁচটি সিনেমার মধ্যে ‘তুফান’ রয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা জুটি বেঁধেছেন। সিনেমাটি দেড় লাখ ডলার আয় করেছে। উত্তর আমেরিকার বাজারে ‘বনলতা এক্সপ্রেস’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।।
ভোটে জয়ী রুদ্রনীলের ‘আবার হাওয়া বদল’: পরমব্রতের সঙ্গে জোট বাঁধার নেপথ্যের গল্প